প্রকাশিত: Mon, Feb 27, 2023 10:21 AM
আপডেট: Thu, Jun 4, 2026 11:01 PM

এভারকেয়ারে খালেদা জিয়ার স্বাস্থ্যপরীক্ষা

সালেহ্ বিপ্লব: নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার অংশ হিসেবে সোমবার বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল সোয়া ৪টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে হাসপাতালের পথে রওনা হন বেগম জিয়া। পরীক্ষানিরীক্ষা শেষে সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি হাসপাতাল থেকে বের হন। বাসায় পৌঁছেন ৮টার দিকে। 

খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার খবর জেনে দলের নেতাকর্মীরা দুপুর থেকে জড়ো হন তার গুলশানের বাসভবন ফিরোজার সামনে। এভারকেয়ার হাসপাতালের সামনেও ভিড় জমে নেতাকর্মীদের। হাসপাতালে যাওয়ার সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ বেশ কয়েকজন নেতা। 

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কয়েকজন সিনিয়র নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

সর্বশেষ গত বছরের ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। তিনি বেশ কয়েক বছর ধরে আথ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। সম্পাদনা: খালিদ আহমেদ